রংপুরের পীরগাছা উপজেলার চৌধুরাণী পুকুর পাড়ের উত্তর দিকে রামচন্দ্রপাড়া গ্রামে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “আমাদের চৌধুরাণী গ্রুপ”। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সংগঠনটির এডমিন ও মডারেটররা এক হতদরিদ্র নারী মোছাঃ রহিমা বেগমের পরিবারকে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করেছেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে চরম কষ্টের মধ্যে জীবনযাপন করে আসছিলেন রহিমা বেগম। স্বামী ও পরিবারের উপার্জনের অভাবে ভাঙাচোরা ঘরে মানবেতর অবস্থায় দিন কাটছিল তার। ঘরের দরজা নষ্ট হয়ে যাওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তিনি। থাকার মতো ভালো খাট কিংবা প্রয়োজনীয় আসবাবপত্রও ছিল না। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে চৌধুরাণী গ্রুপের সদস্যরা তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
পরে সংগঠনটির উদ্যোগে রহিমা বেগমের পরিবারের জন্য একটি নতুন দরজা, একটি খাট, একটি তোসক, একটি বিছানার চাদর ও দুইটি বালিশ প্রদান করা হয়। এছাড়াও তার বসতঘর মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা করা হয় যাতে পরিবারটি নিরাপদ ও স্বাভাবিকভাবে বসবাস করতে পারে। শুধু তাই নয়, পরিবারের খাদ্য সংকট বিবেচনায় প্রায় ১৫০০ টাকার কাঁচাবাজারও তুলে দেওয়া হয় তাদের হাতে।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত রহিমা বেগম বলেন, “আমি কখনো ভাবিনি এভাবে কেউ আমার পাশে দাঁড়াবে। আল্লাহ তাদের ভালো রাখুক। অনেক দিন পর মনে হচ্ছে আমরা একটু স্বস্তিতে থাকতে পারবো।”
এ মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন আমাদের চৌধুরাণী গ্রুপের সক্রিয় সদস্য মিশুক, রকি, সৈকত, শাহেদ, ডাক্তার সাহাবুল, শাওন, হযরত, সুদিজন রহিম ভাই, আওয়াল চাচা ও জমির উদ্দিন। তারা সবাই একসঙ্গে সহায়তা কার্যক্রমে অংশ নেন এবং অসহায় পরিবারের খোঁজখবর নেন।
আমাদের চৌধুরাণী গ্রুপের সদস্যরা জানান, সমাজে এখনও অনেক অসহায় পরিবার রয়েছে যারা নীরবে কষ্ট করে জীবনযাপন করছে। তাদের খুঁজে বের করে সহযোগিতা করাই সংগঠনের মূল উদ্দেশ্য। তারা বলেন, “মানুষ মানুষের জন্য। সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই কমে যাবে।”
স্থানীয় এলাকাবাসী আমাদের চৌধুরাণী গ্রুপের এ উদ্যোগকে ব্যাপক প্রশংসা করেন। তারা বলেন, বর্তমানে সমাজে এমন মানবিক কর্মকাণ্ড খুবই প্রয়োজন। এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ বৃদ্ধি করবে।
আয়োজকরা আরও জানান, ভবিষ্যতেও আমাদের চৌধুরাণী গ্রুপ সমাজের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে শিক্ষা, চিকিৎসা ও খাদ্য সহায়তাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করবে।
রংপুর নিউজ ৭১
এই রংপুর নিউজ ৭১ পোর্টালে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ পোর্টাল, টিভি চ্যানেলের পোর্টাল থেকে খবর/নিউজ সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে যদি আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ পোর্টাল বা টিভি চ্যানেলের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে রংপুর নিউজ ৭১ এর সংবাদ/প্রতিবেদন, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।





