ঢাকাWednesday , 3 June 2026
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. খেলা
  3. চাকরি
  4. জাতীয়
  5. ধর্ম ও নৈতিক শিক্ষা
  6. প্রবাস সংবাদ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. সব খবর
  13. সর্বশেষ
  • Dealpay
  • অপরাজিতা সুপার শপ
আজকের সর্বশেষ সবখবর

সব ইংলিশ মিডিয়াম স্কুলকে অভিন্ন নীতিমালার আওতায় আনা হচ্ছে

আফরিন
June 3, 2026 8:18 pm
Link Copied!

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের সব শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার একটি সমন্বিত ও জবাবদিহিমূলক কাঠামো গড়ে তুলতে কাজ করছে। এই লক্ষ্যে দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুলকে একটি অভিন্ন নীতিমালার আওতায় আনা হচ্ছে,বুধবার (৩ জুন) রাজধানীর ‘দ্য আগা খান একাডেমি ঢাকা’ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, ‘শিক্ষার মান, পাঠদানের গুণগত উৎকর্ষ, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা এবং জাতীয় স্বার্থের বিষয়গুলো সুনিশ্চিত করতেই সব ইংলিশ মিডিয়াম স্কুলকে অভিন্ন নীতিমালার আওতায় আনার এই উদ্যোগ নেওয়া হয়েছে।’

শিক্ষার বৈষম্য দূরীকরণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সরকার এমন একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়তে চায়, যেখানে বাংলা মাধ্যম, ইংলিশ ভার্সন কিংবা ইংলিশ মিডিয়াম- যে ধারাতেই শিক্ষার্থীরা পড়াশোনা করুক না কেন, সবাই সমানভাবে জাতীয় মূল্যবোধ, নাগরিক দায়িত্ববোধ এবং আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের সুযোগ পাবে।

তিনি আরও বলেন, ‘আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় ভালো ফল অর্জনের পেছনে ছুটবে না, বরং তারা স্বাধীনভাবে চিন্তা করতে শিখবে, নতুন কিছু উদ্ভাবন করতে শিখবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে নেতৃত্ব দিতে শিখবে। আগামী দিনের বাংলাদেশকে এই তরুণরাই নেতৃত্ব দেবে। তাই তাদেরকে বিশ্বমানের দক্ষতা, নৈতিক মূল্যবোধ এবং সৃজনশীলতা দিয়ে গড়ে তোলা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।’

একাডেমি পরিদর্শনকালে প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের আয়োজিত ‘স্টুডেন্ট এক্সিবিশন’ ঘুরে দেখেন। তিনি শিক্ষার্থীদের বিভিন্ন গবেষণা, উদ্ভাবনী প্রকল্প এবং সৃজনশীল উপস্থাপনা গভীর আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করেন এবং তাদের মেধার প্রশংসা করেন।

প্রতিষ্ঠানটির আধুনিক শিক্ষা পদ্ধতি, শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষাদান এবং নেতৃত্ব বিকাশমূলক কার্যক্রমের প্রশংসা করেন। প্রতিমন্ত্রী দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও গবেষণা, উদ্ভাবন এবং সৃজনশীল শিক্ষা কার্যক্রম আরও বেশি সম্প্রসারণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

এ সময় দ্য আগা খান একাডেমির শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

এই রংপুর নিউজ ৭১ পোর্টালে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ পোর্টাল, টিভি চ্যানেলের পোর্টাল থেকে খবর/নিউজ সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে যদি আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ পোর্টাল বা টিভি চ্যানেলের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে রংপুর নিউজ ৭১ এর সংবাদ/প্রতিবেদন, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • DEALPAY-FREE-QR