বাংলাদেশে নাগরিক অংশগ্রহণভিত্তিক নীতি আলোচনা ও গবেষণাকে এগিয়ে নিতে আত্মপ্রকাশ করেছে “ছায়া সাংসদ ফাউন্ডেশন (Chhaya Sangsad Foundation)”। এটি একটি নাগরিক উদ্যোগ ও নীতি-ভিত্তিক প্ল্যাটফর্ম, যার লক্ষ্য দেশের সংসদীয় কাঠামোর প্রতিটি আসনের মানুষের বাস্তব সমস্যাগুলোকে গবেষণা, বিশ্লেষণ এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে সামনে নিয়ে আসা।
প্রতিষ্ঠানটির উদ্যোগে তরুণ নেতৃত্ব, গবেষক এবং সামাজিকভাবে দায়িত্বশীল নাগরিকদের জন্য একটি সমন্বিত প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে তারা দেশের বিভিন্ন সংসদীয় এলাকার উন্নয়ন, স্থানীয় সমস্যা, সম্ভাবনা এবং নীতি প্রস্তাবনা নিয়ে কাজ করার সুযোগ পাবেন।
ছায়া সাংসদ ফাউন্ডেশনের মতে, একটি শক্তিশালী ও কার্যকর গণতন্ত্র গড়ে উঠতে হলে প্রয়োজন সচেতন নাগরিক, তথ্যভিত্তিক নীতি প্রণয়ন এবং দায়িত্বশীল নেতৃত্ব। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রতিষ্ঠানটি গবেষণা, জনমত সংগ্রহ এবং নীতিগত আলোচনার মাধ্যমে একটি অংশগ্রহণমূলক কাঠামো গড়ে তুলতে কাজ করছে।

ফাউন্ডেশনের ভিশন হলো বাংলাদেশে একটি দায়িত্বশীল, জবাবদিহিমূলক এবং গবেষণাভিত্তিক নাগরিক অংশগ্রহণের প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে দেশের প্রতিটি সংসদীয় আসনের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করা হবে।
এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি দেশের প্রতিটি সংসদীয় আসনের স্থানীয় সমস্যা ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে গবেষণা ও ডকুমেন্টেশন করার পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি তরুণ নেতৃত্ব ও নাগরিক সমাজকে নীতি আলোচনায় সম্পৃক্ত করা, শিক্ষা, কৃষি, প্রযুক্তি, অর্থনীতি ও সামাজিক উন্নয়ন বিষয়ক বাস্তবভিত্তিক নীতি প্রস্তাবনা তৈরি করা এবং জনগণের মতামত ও সমস্যাগুলোকে গঠনমূলকভাবে নীতিনির্ধারণের আলোচনায় তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।
ছায়া সাংসদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান মুঈদ খান রংপুর নিউজ ৭১ কে বলেন, ছায়া সাংসদ ফাউন্ডেশন আমার স্বপ্নের ফাউন্ডেশন। আমি বিশ্বাস করি, তরুণরাই পারে দেশের শাসন ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে। ৩০০ আসনের ৩০০ ছায়া সাংসদ, বিশেষজ্ঞ প্যানেল দ্বারা নির্বাচিত হবে এই পরিবর্তনের দূত। আমাদের লক্ষ্য শুধু সমালোচনা নয়, বরং গঠনমূলক বিকল্প প্রস্তাব ও অনুদান সংগ্রহ করে সামাজিক ব্যবসায়ের মাধ্যমে উন্নয়ন। এই যাত্রায় সবার অংশগ্রহণ কামনা করি।
ছায়া সাংসদ ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ কমিটি:
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মুঈদ খান। প্রধান উপদেষ্টা এবং নির্বাহী, মাহামুদ হাছান। শিক্ষা ও গবেষণা বিষয়ক উপদেষ্টা, একরাম হোসেন। গণমাধ্যম ও যোগাযোগ উপদেষ্টা, মো: সালমান ফারসী সিয়াম। অর্থ বিষয়ক উপদেষ্টা, হারুন অর রশিদ। সামাজিক উন্নয়ন ও যুব বিষয়ক উপদেষ্টা, জান্নাতুল ফেরদৌস (নারী বিষয়ক), মোঃ ইসমাইল মন্ডল (পুরুষ বিষয়ক)। বানিজ্য বিষয়ক উপদেষ্টা, মো: শরিফুল ইসলাম।মহাসচিব, মুয়িদ মুহম্মদ ফাহিম। আইটি ও ডিজিটাল বিষয়ক সম্পাদক (তিন জন), মোঃ বদরুজ্জামান, মোহাম্মদ রবিউল হোসেন রাকিব, মো: আবুল হাসান।
ফাউন্ডেশনটির অন্যতম লক্ষ্য ভবিষ্যতের জন্য দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্ব তৈরি করা। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের সমস্যা ও সম্ভাবনাগুলো আরও সুসংগঠিতভাবে তুলে ধরা সম্ভব হবে এবং নীতিনির্ধারণে নাগরিক অংশগ্রহণের নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।
এই রংপুর নিউজ ৭১ পোর্টালে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ পোর্টাল, টিভি চ্যানেলের পোর্টাল থেকে খবর/নিউজ সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে যদি আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ পোর্টাল বা টিভি চ্যানেলের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে রংপুর নিউজ ৭১ এর সংবাদ/প্রতিবেদন, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।




