ঢাকাSaturday , 9 May 2026
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. খেলা
  3. চাকরি
  4. জাতীয়
  5. ধর্ম ও নৈতিক শিক্ষা
  6. প্রবাস সংবাদ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. সব খবর
  13. সর্বশেষ
  • Dealpay
  • অপরাজিতা সুপার শপ
আজকের সর্বশেষ সবখবর

চাঁদাবাজির মামলায় সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

Link Copied!

রংপুরের বদরগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারীর করা চাঁদাবাজির মামলায় পৌর ছাত্রদলের সাবেক সহসভাপতি জিহাদ সরকার রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মামলা তুলে নিতে স্বাস্থ্য কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ রয়েছে।

শনিবার (৯ মে) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে বদরগঞ্জ থানা পুলিশ। এ সময় মামলা তুলে নিতে স্বাস্থ্য কর্মকর্তাকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিংয়ে নিয়োগপ্রাপ্ত কর্মচারী মোছা. ফাতেমা বেগম বাদী হয়ে মামলাটি করেন। 

মামলায় জিহাদ সরকার রানাসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। অন্য আসামিরা হলেন ডিস ফারুক, রাফি মিয়া ও জাহিদ। এ ছাড়া অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে।

এজাহারে ফাতেমা বেগম অভিযোগ করেন, কয়েক দিন ধরে আসামিরা তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। টাকা না দিলে হাসপাতালে চাকরি করতে দেওয়া হবে না বলে তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়।

অভিযোগে বলা হয়, শনিবার সকালের দিকে হাসপাতাল কোয়ার্টারে থাকা অবস্থায় আসামিরা তার বাসার সামনে গিয়ে গালিগালাজ করেন এবং চাঁদার টাকা নিয়ে বাইরে আসতে বলেন। তিনি টাকা দিতে রাজি না হওয়ায় তাকে ধাক্কাধাক্কি করা হয়।

এ সময় তাকে রক্ষা করতে গেলে তার নাতি সামিউল ইসলাম স্বপনকে মারধর করা হয়। পরে তার মেয়ে মমতা খাতুন এগিয়ে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি। 

এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশিকুল আরেফিন জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মচারী ফাতেমা বেগম তিন মাস ধরে বেতন পাচ্ছিলেন না। তিনি হাসপাতালের একটি পরিত্যক্ত ভবনে বসবাস করছিলেন। তার বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে ডিস ফারুক, জিহাদ সরকার রানাসহ কয়েকজন ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরে এ ঘটনায় ফাতেমা বেগম থানায় অভিযোগ দেন।

তিনি আরও বলেন, শনিবার দুপুরে জিহাদ সরকার রানা ও ডিস ফারুকসহ তিন ব্যক্তি তার কার্যালয়ে গিয়ে ওই অভিযোগ তুলে নিতে তাকে চাপ দেন। তিনি সেখান থেকে বের হয়ে যেতে চাইলে তাকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিহাদ সরকার রানাকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা সেখান থেকে পালিয়ে যায়।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার কালবেলাকে বলেন, চাঁদাবাজির মামলায় জিহাদ সরকার রানা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে থানায় মোট ছয়টি মামলা আছে।

এই রংপুর নিউজ ৭১ পোর্টালে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ পোর্টাল, টিভি চ্যানেলের পোর্টাল থেকে খবর/নিউজ সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে যদি আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ পোর্টাল বা টিভি চ্যানেলের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে রংপুর নিউজ ৭১ এর সংবাদ/প্রতিবেদন, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • DEALPAY-FREE-QR