ঢাকাWednesday , 11 March 2026
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. খেলা
  3. চাকরি
  4. জাতীয়
  5. ধর্ম ও নৈতিক শিক্ষা
  6. প্রবাস সংবাদ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. সব খবর
  13. সর্বশেষ
  • Dealpay
  • অপরাজিতা সুপার শপ
আজকের সর্বশেষ সবখবর

ঢাবির ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম পরিবর্তন নিয়ে গুজব, চূড়ান্ত সিদ্ধান্ত সিনেটের; জিএস আহমেদ আল সাবাহ

Link Copied!

ঢাবি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের “শেখ মুজিবুর রহমান হল”-এর নাম পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবকে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বলে দাবি করেছেন হল সংসদের সাধারণ সম্পাদক আহমেদ আল সাবাহ।

বুধবার এক বিবৃতিতে তিনি জানান, হলটির নাম “শহীদ ওসমান হাদি হল” হিসেবে নামকরণের একটি প্রস্তাব আনুষ্ঠানিকভাবে উত্থাপিত হয়েছে এবং তা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়ে সিনেটে উপস্থাপনের জন্য সুপারিশ করা হয়েছে। ফলে বর্তমানে দাপ্তরিকভাবে হলটির পরিচয় “প্রস্তাবিত শহীদ ওসমান হাদি হল” হিসেবে উল্লেখ করা হচ্ছে।

তিনি বলেন, সম্প্রতি কয়েকটি ফেসবুক পেইজ ও ব্যক্তির পক্ষ থেকে দাবি করা হয় যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নাকি আগের নামেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং ওসমান হাদির নামে নামকরণ আর হবে না। বিষয়টির সত্যতা যাচাই করতে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেন, তবে নির্ভরযোগ্য কোনো তথ্য বা সূত্র পাওয়া যায়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে কথা বললে তিনি জানান, অফিসিয়ালি বা আন-অফিসিয়ালি এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত জানতে হলে সিনেট সভা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আহমেদ আল সাবাহ বলেন, হলের অধিকাংশ শিক্ষার্থীর প্রত্যাশা ও গণস্বাক্ষরের ভিত্তিতে প্রস্তাবটি উত্থাপন করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের সকল দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণ করেই তা সিন্ডিকেটে গৃহীত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী, এত বড় স্থাপনার নাম পরিবর্তনের চূড়ান্ত ক্ষমতা সিনেটের হাতে রয়েছে।

তিনি আরও জানান, সিন্ডিকেটে প্রস্তাবটি গৃহীত হওয়ার পর শিক্ষার্থীদের পক্ষ থেকে উপাচার্যের কাছে প্রস্তাবিত নামটি দাপ্তরিকভাবে ব্যবহারের অনুমতি চাওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্যানেল আইনজীবীর সঙ্গে পরামর্শের ভিত্তিতে বর্তমানে হল সংসদের কার্যক্রম “শহীদ ওসমান হাদি হল সংসদ (প্রস্তাবিত)” নামে পরিচালিত হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “কোনো ব্যক্তির ফেসবুক স্ট্যাটাস বা ভিত্তিহীন বক্তব্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক সিদ্ধান্ত পরিবর্তন হয় না। তাই গুজব ছড়ালে তা যাচাই করে দেখার জন্য সবাইকে অনুরোধ করছি।”

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সিনেট সভায় আলোচনার পর।

এমএসএফ/রংপুর নিউজ ৭১

এই রংপুর নিউজ ৭১ পোর্টালে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ পোর্টাল, টিভি চ্যানেলের পোর্টাল থেকে খবর/নিউজ সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে যদি আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ পোর্টাল বা টিভি চ্যানেলের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে রংপুর নিউজ ৭১ এর সংবাদ/প্রতিবেদন, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • DEALPAY-FREE-QR